হাটকালুগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক বকুল আহমেদের মা

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে চোখের জলে চিরবিদায় জানানো হলো জ্যেষ্ঠ সাংবাদিক বকুল আহমেদের মা মোছা. আরবীছনকে (৭৫)। মঙ্গলবার সকাল ১০টায় হাটকালুগঞ্জ কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
চুয়াডাঙ্গা ডট নেটের সাবেক স্টাফ রিপোর্টার ও চুয়াডাঙ্গা ডট নেটের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) বকুল আহমেদের মা আরবীছন গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাটকালুগঞ্জের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী মো. আজগর আলী শেখ, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ সন্তান বকুল আহমেদসহ পরিবারের স্বজনেরা এখন মাতৃহারা হওয়ার গভীর শোকে মুহ্যমান।
মরহুমার জানাজায় ইমামতি করেন চুয়াডাঙ্গা আস্ সাহাবা ইসলামী ইনস্টিটিউটের পরিচালক মাওলানা জুবায়ের আহম্মেদ। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মরহুমার শেষ বিদায়ে শরিক হয়ে শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জানাজায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু ও সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান।
ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ উদ্দিন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল এবং নায়েবে আমির মাহবুব আশিক শফি। এ ছাড়া মরহুমার আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

