ঝিনাইদহে পরকীয়ার অপবাদে গৃহবধূর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন

ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে মারধর, মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে এ বর্বরতা চালানো হয়।
এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। নৃশংস এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করাতি পাড়া গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ ভূমি অফিসের কর্মচারী আনোয়ার হোসেনের সঙ্গে মনমথ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাসের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন একই গ্রামের তন্নী খাতুন ওরফে টনি খাতুন। এ নিয়ে তাঁর মধ্যে আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল।
এরই জেরে বৃহস্পতিবার বিকেলে তন্নী খাতুন তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং আরও কয়েকজনকে সাথে নিয়ে দলবদ্ধ হয়ে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে তাঁরা সুচিত্রার ঘরে ঢুকে বেধড়ক মারধর শুরু করেন। এরপর জোরপূর্বক তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে চরম নির্যাতন চালানো হয়। গৃহবধূর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—তন্নী খাতুন (টনি খাতুন), তাঁর মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, নির্যাতনের শিকার নারী বাদী হয়ে রাতেই থানায় একটি নিয়মিত মামলা করেছেন। এতে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান চলছে।

