আলমডাঙ্গায় গরুবোঝাই লাটাহাম্বা উল্টে চালক আহত, প্রাণ গেল গরুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বা উল্টে গিয়ে চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা গেছে এবং গুরুতর জখম হওয়া অপর দুটি গরুকে জবাই করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত চালক মো. জসীম (৩৫) চুয়াডাঙ্গার দর্শনা থানার দোস্ত গ্রামের সবুজ মিয়ার ছেলে।
জানা গেছে, লাটাহাম্বাটিতে করে মোট ১২টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নান্দবার নিউমার্কেট মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে চালক নিজে আহত হন এবং গরুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি গরু সঙ্গে সঙ্গেই মারা যায় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও দুটিকে জবাই করা হয়।
দুর্ঘটনার পরপরই আহত চালক জসীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার আওতাধীন আসমানখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

