গাংনীতে পাগলা শেয়ালের উপদ্রব: নারী ও শিশুসহ আহত ১১, একজন কুষ্টিয়ায় স্থানান্তর

মেহেরপুরের গাংনীতে পাগলা শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে শেয়ালের এ তাণ্ডব চলে। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—হিন্দা গ্রামের বাছিরন (৭৫), শিউলী খাতুন (৪৮), নূর মোহাম্মদ, আমিরন নেছা (৫০), আরশোলা খাতুন (৪৩), আতিয়ার (১৬) এবং মাইলমারী গ্রামের আব্দুল খালেক। এছাড়া বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যেভাবে ঘটে ঘটনাটি
স্থানীয় বাসিন্দা ও আহত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার সময় হিন্দা গ্রামের গোরস্থান থেকে হঠাৎ একটি খ্যাপা শেয়াল বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করতে শুরু করে। শেয়ালটির এমন আচমকায় পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিন্দা মাঠপাড়া হয়ে শেয়ালটি দৌড়ে পাশের মাইলমারী গ্রামের দিকে যাওয়ার পথে সামনে পড়া নারী-শিশুসহ একের পর এক পথচারীকে কামড়ে রক্তাক্ত করে। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে প্রাণীটি মাঠের দিকে পালিয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকায় বর্তমানে শেয়াল আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন সংকট
আহতদের উদ্ধারের পর দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাসপাতালে জলাতঙ্কের টিকার (ইনজেকশন) সরবরাহ না থাকায় বিপাকে পড়েন আহতরা। বাধ্য হয়ে কয়েকজনকে স্থানীয় বেসরকারি ক্লিনিক থেকে টিকা ও চিকিৎসা নিতে হয়। অন্যদিকে জখম গুরুতর হওয়ায় হিন্দা গ্রামের আমিরন নেছাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা এ বিষয়ে জানান, শেয়ালের কামড়ে আহতদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে আমিরন নেছা নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

