গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের হামলায় নারী ও শিশুসহ আহত ১১, একজনকে কুষ্টিয়ায় স্থানান্তর

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ক্ষ্যাপা শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর জখম এক নারীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে হঠাৎ এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন হিন্দা গ্রামের বাছিরন (৭৫), শিউলী খাতুন (৪৮), নূর মোহাম্মদ, আমিরন নেছা (৫০), আরশোলা খাতুন (৪৩), আতিয়ার (১৬) এবং মাইলমারী গ্রামের আব্দুল খালেকসহ আরও কয়েকজন।
যেভাবে ঘটল হামলার ঘটনা
স্থানীয় বাসিন্দা ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হিন্দা গ্রামের কবরস্থানের দিক থেকে আচমকা একটি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে। গ্রামে ঢুকেই পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে প্রাণীটি। আকস্মিক এ হামলায় গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেয়ালটি হিন্দা মাঠপাড়া পেরিয়ে পাশের মাইলমারী গ্রামের দিকে ছুটতে থাকে এবং সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। নারী ও শিশু মিলিয়ে অন্তত ১১ জনকে রক্তাক্ত করার পর এলাকাবাসী ধাওয়া দিলে শেয়ালটি মাঠের দিকে পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে শেয়াল আতঙ্ক বিরাজ করছে।
চিকিৎসা পরিস্থিতি
আহতদের উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাসপাতালে প্রয়োজনীয় ইনজেকশন না থাকায় কাউকে কাউকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে। তবে শেয়ালের কামড়ে গুরুতর জখম হওয়া আমিরন নেছার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা জানান, শেয়ালের কামড়ে আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমিরন নেছা নামের একজনের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

