চীনের এক হাসপাতালে বছরে ৩০০ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, বাংলাদেশ কেন পিছিয়ে

পরিদর্শন শেষে বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজ বলেন, ‘জনবহুল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা শক্তিশালী হওয়া দরকার, তার অনেকটা চীনের এই সরকারি হাসপাতাল বলে দেয়। তারা পারলে কেন আমরা বোনম্যারো ট্রান্সপ্লান্টে পিছিয়ে থাকব? চীনের স্বাস্থ্য খাত প্রযুক্তিতে কয়েক ধাপ এগিয়ে। সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানে প্রয়োজনে চীনের এ হাসপাতালের সহযোগিতা নিয়ে আমরা এগোতে পারি।’
হাসপাতালটিতে বাংলাদেশি রোগীরাও চিকিৎসা নেন। তাদের একজন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আব্দুল্লাহ হাসান নাসিফ (রবিন)। গত বছরের অক্টোবরে তার স্ত্রী রেহনুমা তারান্নুম স্নিগ্ধার মাল্টিপল মায়েলোমা (রক্তের ক্যানসার) শনাক্ত হয়।
চিকিৎসার জন্য স্ত্রীকে ভারতে নেওয়ার চেষ্টা করেন রবিন। তবে ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে চীনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে নিয়ে যান গুয়াংজু ফার্স্ট পিপলস সরকারি হাসপাতালে। সেখানে সম্প্রতি স্নিগ্ধার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে।
স্ত্রীর চিকিৎসায় প্রায় ৪৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান রবিন। চীনে চিকিৎসার অভিজ্ঞতা সম্পর্কে তার মূল্যায়ন, ‘প্রযুক্তিগত সুযোগ-সুবিধায় হাসপাতালটি বাংলাদেশ ও ভারতের অনেক নামকরা প্রতিষ্ঠানের সমপর্যায়ের, এমনকি কিছুটা এগিয়ে। এখানকার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অত্যন্ত বন্ধুসুলভ। শুধু চিকিৎসা নয়, থাকার জায়গা খোঁজা, বাজার করা ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতো দৈনন্দিন কাজেও তারা সহযোগিতা করেন। মুসলিম রোগী ও স্বজনদের জন্য আলাদাভাবে রান্নার ব্যবস্থা আছে।’
ট্রান্সপ্ল্যান্টের পর শরীর কতটা সাড়া দিয়েছে, তা পর্যালোচনায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানান রবিন। সেই মূল্যায়নের ওপর নির্ভর করছে স্নিগ্ধার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা।

চীনে যখন বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের এমন অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে? এমন প্রশ্নে বিএমইউর অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর বলেন, ‘বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজেক্ট আসে, কিন্তু প্রজেক্টগুলো চলে যায়। কংক্রিট আকারে কখনও প্রকল্প হিসেবে আসেনি। নীতিনির্ধারণী পর্যায়ে দুর্বলতার কারণে এটি আলোর মুখ দেখে না। এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনেও এগুলোতে প্রভাব পড়ে।’
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর অন্তত ১ হাজার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এভারকেয়ার হসপিটালের হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ্ বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর ৬০ থেকে ৭০টির মতো বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। কিন্তু রোগীদের চাহিদা এর চেয়ে অনেক বেশি।’
অন্তর্বর্তী সরকারের সময়কার উদ্যোগের কথাও তুলে ধরে এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর থেকে আরেকটা সক্রিয়তা তৈরি হয়। আমরা প্রজেক্ট দেই, এমএ পাস হয়, ডিপিপি দিই, ফিজিবিলিটি স্টাডি করি, সবকিছুই আছে। শুনি বাজেট দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু পরে আর হয় না। লিভার ট্রান্সপ্লান্ট, স্টেম সেল থেরাপি; এগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারও তৎপর ছিল।’
সরকারের সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার (যকৃৎ) ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। তবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট এখনও শুরু করা যায়নি।
অবকাঠামো প্রস্তুত থাকার পরও কাজের অগ্রগতি না হওয়া নিয়ে ডা. আমীন লুৎফুল কবীর বলেন, ‘সুপার স্পেশালাইজডে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। লিভার ও বোনম্যারোর জন্য অ্যাসাইন করা আলাদা জায়গা আছে। গত সাত-আট বছর ধরে ওই জায়গাটা অ্যাসাইন করা আছে, কিন্তু এখনও শুরু করা যায়নি। আমাদের প্রায় ২০০-এর কাছাকাছি হেমাটোলজিস্ট আছে। একটি তরুণ গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের আমরা সহজেই কাজে লাগাতে পারি।’

