নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে মিলছে টিকটিকি-তেলাপোকা

খাবারে পোকামাকড় পাওয়ার এসব অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের সামগ্রিক পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের। সরেজমিনে বিদ্রোহী হলের ডাইনিংয়ে ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে ডাইনিংয়ের মেঝেতে মাছ পরিষ্কার করছিলেন কর্মচারীরা। এসময় কাঁচা মাছের ওপর মাছি উড়তে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পানি দিয়ে জায়গাটি পরিষ্কারের চেষ্টা করেন।
পরিচ্ছন্নতার বিষয়ে বিদ্রোহী হলের ডাইনিং পরিচালক বলেন, ‘সারাদিন অপরিষ্কার থাকলেও আমরা প্রতিদিন সন্ধ্যার পর ডাইনিং পরিষ্কার করি। হাঁটাচলা করলে ফ্লোরে কাদা হবেই।’
অন্যদিকে, অগ্নিবীণা হলের ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে ডাইনিং পরিচালক মো. মাদুদ কবির বলেন, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না কিংবা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডাইনিং পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে একই হলের ডালে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ নিয়ে শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ডাইনিং পরিচালকের দাবি, ওই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে খাবারে তেলাপোকা রেখেছেন। অন্যদিকে শিক্ষার্থীর অভিযোগ, নিজের খাবারে ডালের মধ্যেই তিনি জীবন্ত তেলাপোকা পেয়েছেন। এ ঘটনার তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

