দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

এখন থেকে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজনে ওই ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় পৃথক ‘মিডিয়া সেল’ থাকবে।
গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে।
তবে, পচনশীল বা দ্রুত নষ্ট যোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
নির্দেশনার প্রধান বিষয়গুলো
ভিডিও ধারণ ও সংরক্ষণ: মোবাইল কোর্ট অভিযান ও কার্যক্রমের ভিডিও আবশ্যিকভাবে ধারণ করতে হবে। ধারণকৃত ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখায় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে এবং এর একটি কপি মিডিয়া সেলে পাঠাতে হবে। আপিল মামলায় এই ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
জব্দকৃত মালামাল ব্যবস্থাপনা: জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য নিরাপদ কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট নমুনা অনুযায়ী রেজিস্টার সৃজন করে মালামাল গ্রহণ ও সংরক্ষণের তথ্য লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে তা প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনাশযোগ্য মালামাল বিধি অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আইনি সহায়তা ও পিপি নিয়োগ: আপিল মামলার শুনানির জন্য জেলা ম্যাজিস্ট্রেটগণ পাবলিক প্রসিকিউটরদের (পিপি/অতিরিক্ত পিপি/এপিপি) মধ্য থেকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করবেন এবং এ বিষয়ে আদালত ও সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।

