ইউরোপের তিন দেশ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দর ও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া আটটায় ‘পিভিজি ৯৪৪৫’ নামের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসা যাত্রীদের মধ্যে সর্বোচ্চ ১৯ জন এসেছেন ইতালি থেকে। এ ছাড়া গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ফিরেছেন ছয়জন বাংলাদেশি।
দেশে ফেরার পর বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাঁদের জরুরি সেবা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বাড়ি ফেরার আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় কাউন্সেলিং দেওয়া হয়। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এসব বাংলাদেশিকে তাৎক্ষণিক এই সহায়তা দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিক এই পদক্ষেপের পর ফেরত আসা ব্যক্তিদের কাউন্সেলিং ও উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে তাঁদের অর্থনৈতিকভাবে পুনর্বাসনে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

