ভারতীয় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা নস্যাৎ করেছে ৭ নভেম্বরের বিপ্লব: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। শেখ মুজিবের একদলীয় বাকশাল শাসন, দুর্নীতি, লুটপাট ও কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে সিপাহী, ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে দেশে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই এ বিপ্লবকে ঐতিহাসিক তাৎপর্য দিয়েছে। ৭ নভেম্বরের বিপ্লব ভারতীয় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা নস্যাৎ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শহীদ আউয়াল-নাঈম মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা ছিল জাতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ভারত বাংলাদেশের স্বতন্ত্র অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করতে চায়। ১৯৭১ সালে ভারতের সহযোগিতার পেছনে পাকিস্তানকে দুর্বল করার ভূরাজনৈতিক স্বার্থও সক্রিয় ছিল। পানি আগ্রাসন, সীমান্ত হত্যা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া ভারতের আগ্রাসী নীতিরই বহিঃপ্রকাশ।

