বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞানকে শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানো এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে যৌথ গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর কার্যালয় প্রতিষ্ঠা এবং স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাস্তব সমস্যার সমাধান ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে ড. মামুন আহমেদ বলেছেন, গবেষণার পরিধি কেবল গবেষণাপত্র লেখা, পর্যালোচনা ও প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণার ফলাফলকে বাস্তব জীবনের সমস্যা সমাধান, প্রযুক্তির উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। গবেষণার সাফল্য শুধু প্রকাশনা বা উদ্ধৃতির সংখ্যা দিয়ে মূল্যায়ন না করে নতুন প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর নমুনা প্রযুক্তি (প্রোটোটাইপ) তৈরি এবং মেধাস্বত্ব সংরক্ষণের মাধ্যমেও মূল্যায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রযুক্তি, সফটওয়্যার ও পরামর্শসেবার জন্য এখনো অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মধ্যে এসব সমস্যার দেশীয় সমাধান দেওয়ার সক্ষমতা রয়েছে। উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, তৈরি পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মতো ক্ষেত্রের কথা উল্লেখ করেন।

