শিক্ষার্থীদের জন্য কুপনভিত্তিক ও রান্না করা খাবার সরবরাহের পরিকল্পনা

ডব্লিউএফপি প্রতিনিধি দল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের একটি দ্রুত পর্যালোচনার প্রস্তাব করে। এ পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত প্রদানের আশ্বাস দেন ডব্লিউএফপি প্রতিনিধিরা।
তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা সম্পন্ন করে সুপারিশ উপস্থাপনের লক্ষ্য রয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা এবং জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

