লন্ডনে নাহিদের অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) লন্ডন সফররত নাহিদ ইসলামকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উগ্র কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

