‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বংশ পরম্পরায় সুখে-শান্তিতে ও প্রাচুর্যের মধ্যে থাকতে পারে।
রুহুল কবির রিজভী বলেন, এই পরাজিত শক্তি আবারও অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারা মনে করছে, পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পুনরায় দখল করা সম্ভব। কিন্তু দেশের মানুষ তাদের চেনে। কারা তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করছে এবং কারা মদদ দিচ্ছে, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে।
রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এটিকে সন্ত্রাস সৃষ্টির কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করা যাবে না। গোপালগঞ্জের লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চান। তবে সাবেক আমলের কিছু সুবিধাবাদী ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তি সেখানে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু তা সম্ভব হবে না।
রুহুল কবির আরও বলেন, সেখানে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িও পুড়িয়ে তছনছ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার পরও এ ধরনের হামলা চালানো হচ্ছে। বিএনপির গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে তারা এই বর্বরোচিত হামলা করছে।

