বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভীসাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিসিলেটে দেড় হাজার দৌড়বিদ নিয়ে ম্যারাথন১২ রানেই তিন উইকেট নেওয়ার ইচ্ছা ছিল শান্তরইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশেরনাশকতা প্রতিরোধে জুমার খুতবায় মানুষকে সচেতন করার আহ্বান ধর্মমন্ত্রীরশজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বারফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
বিজ্ঞাপন

ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের

একসময় দেশের ফুটবলে আন্তর্জাতিক আসর হিসেবে পরিচিত ছিল প্রেসিডেন্ট গোল্ড কাপ। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই টুর্নামেন্ট আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার নাম বদলে আয়োজন করা হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার ধানমন্ডির আবাহনী মাঠে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ ও মিলনমেলা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট আয়োজনের মৌখিক সম্মতি পেয়েছেন। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকেও জানিয়েছেন তিনি।

টুর্নামেন্টটি শুধু একবার আয়োজন করেই থেমে থাকতে চায় না সরকার। প্রতিবছর নিয়মিত এই আন্তর্জাতিক আসর আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, ‘একসময় প্রেসিডেন্ট গোল্ড কাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি তার কাছ থেকে মৌখিকভাবে একটি সম্মতি নিয়েছি যে আমরা আগামী বছর যেকোনো একটি সময়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট করতে চাই এবং সেই বার্তাটি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে দিয়েছি। ইনশা আল্লাহ আগামী বছর আমরা আশা করছি মার্চ কিংবা এপ্রিল এই সময়ে আমাদের সাবকন্টিনেন্ট বা এশিয়া কিংবা ইউরোপের দলগুলোকে নিয়ে একটি ধারাবাহিকভাবে প্রতি বছর যাতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারি ফুটবলের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, সেই চেষ্টাটি করব।’

আন্তর্জাতিক আসর আয়োজনের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও নতুন করে প্রাণ ফেরাতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারকে দেশের ফুটবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমিনুল হক জানিয়েছেন, সংস্থাগুলোর কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামী বছর থেকেই তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে ক্লাবগুলোর জন্য একাডেমি ও নিজস্ব মাঠ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তাঁর মতে, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে না পারলে আন্তর্জাতিক ফুটবলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে হলে ক্লাব পর্যায় থেকেই এই পরিবর্তন শুরু করতে হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...