মুসা (আ.) কি সত্যিই আল্লাহকে দেখতে চেয়েছিলেন?

আল্লাহকে দেখার জন্য মুসা (আ.)-এর আবেদন
আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জনের পর তাঁর প্রতি গভীর ভালোবাসা, অকৃত্রিম টান এবং নৈকট্যের তীব্র আকাঙ্ক্ষা থেকেই মুসা (আ.) মহান রবের কাছে দিদার বা দর্শন প্রার্থনা করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—
وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَنْ تَرَانِي وَلَٰكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ
অনুবাদ: আর যখন মুসা আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তাঁর প্রতিপালক তাঁর সঙ্গে কথা বললেন, তখন তিনি বললেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে আপনার দর্শন দান করুন, আমি আপনাকে দেখতে চাই।’ আল্লাহ বললেন, ‘তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। তবে তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি তা নিজ স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পাবে।’ অতঃপর যখন তাঁর প্রতিপালক পাহাড়ের ওপর জ্যোতি প্রকাশ করলেন, তখন তা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মুসা অচেতন হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল, তখন তিনি বললেন, ‘আপনি পবিত্র মহান! আমি আপনার কাছে তওবা করছি এবং আমিই প্রথম মুমিন।’ (সুরা আরাফ: ১৪৩)
মুফাসসিরগণের ব্যাখ্যা অনুযায়ী, এ আয়াত থেকে দিবালোকের মতো স্পষ্ট প্রমাণিত হয় যে মুসা (আ.) সত্যিই আল্লাহর দর্শন লাভের আবেদন করেছিলেন। আল্লাহর নূরের তীব্রতা এবং পার্থিব মানুষের শারীরিক সীমাবদ্ধতার কারণে দুনিয়ার বুকে সেই মুহূর্তে তা সম্ভব ছিল না।

