অষ্টগ্রামের ডুবো সড়ক: সংস্কার অংশেই ভোগান্তি বেশি

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্ব প্রান্ত এবং বাজিতপুর উপজেলার হুমায়ুনপুরের পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের দু-তিন বছরের মধ্যে ৯ কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। আরসিসি ঢালাইয়ের ওপর এক-দেড় ইঞ্চির পুরত্বের সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়। সেই সিসি ঢালাইয়ের পাথর-কংক্রিট বালু উঠে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সংস্কার করা স্থানেই দুই বছর ধরে শুরু হয়েছে ভাঙন।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) দপ্তর সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক প্রকল্প ২০১১ সালে নির্মাণ শুরু এবং শেষ হয় ২০১৪ সালে। তবে প্রকল্পের মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকারী প্রতিষ্ঠানই সংস্কার করেছিল। এরপর সওজ আর কোনো সংস্কার প্রকল্প বাস্তবায়ন করেনি।
একসময় সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা চালাতেন হাফিজ মিয়া। তিনি বলেন, ‘এই পথে বাইধ্য না হলে গাড়ি লইয়্যা আসি না। থেকনার (উঁচু থেকে নিচুতে পড়া) কারণে গাড়ির ব্যাটারি নষ্ট হয় বেশি। গাড়ির জয়েন্ট প্রায় সময় ছুটে যায়। সময় লাগে বেশি। আমরা চাই হয়তো সড়ক মেরামত করুক, না হয় ওপরের প্লাস্টার (সিসি ঢালাই) উঠাইয়্যা দেওক। এতেই শান্তি। তাতে সড়ক একটু সমান হবে। শান্তিতে চলাচল করা যাবে।’

