চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: বাগানে এখনো বাহারি আম

আর সেই নেশা এখন পরিণত হয়েছে ব্যবসায়িক উদ্যোগে। ২০২৪ সালে কল্যাণভোগের সায়ন বিক্রি করে তাঁর আয় হয়েছিল ৩৪ হাজার ৫০০ টাকা। ২০২৫ সালে তা বেড়ে হয় প্রায় ২ লাখ টাকা। আর চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্তই আয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
রবিউল ইসলামের স্বপ্ন—শুধু আমের মৌসুমেই নয়, দেশের মানুষ যাতে সারা বছরই কম দামে আম খেতে পারেন। আর সেই লক্ষ্যেই তিনি খুঁজছেন নতুন নতুন জাত।
রবিউল ইসলাম বলেন, ‘১৯৯৭ সালে এসএসসি পাস করার পর ছাত্রজীবন থেকে নার্সারির ব্যবসা শুরু করি। আস্তে আস্তে সঠিক আমের জাত নির্ণয়ের জন্য মাদার গাছ তৈরি করতে থাকি। তখন থেকে বাণিজ্যিক আমের বাগান করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করতে থাকি।’ ২০১৮ সালে এসে তিনি সিদ্ধান্ত নেন—শুধু নার্সারি নয়, নিজেই বাণিজ্যিকভাবে আমবাগান করবেন। মাত্র দেড় বিঘা জমি লিজ (ভাড়া) নেন। সেখানে কল্যাণভোগ আমের সায়ন করেন। নিজের হাতে পরিচর্যা করেন গাছগুলো। এরপর একে একে অন্য জাতের সায়নও (যে ভালো জাতের ডালটি রুটস্টকের সঙ্গে জোড়া হয়) গ্রাফটিং করতে থাকেন। সেই ছোট্ট বাগানই একসময় হয়ে ওঠে বড় স্বপ্নের ভিত্তি।

