কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, মধ্যরাতে হামলার তদন্ত দাবি অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বৈঠকে উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াসমিন ও উপস্থিত বিভাগীয় প্রধানেরা জানান, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিষয়ে কলেজ প্রশাসন আগে থেকে কিছুই জানত না। এমনকি কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে ক্যাম্পাসে ডাকারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থীরা প্রশ্ন তুলে বলেন, কলেজ কর্তৃপক্ষ পুলিশ না ডেকে থাকলে কার নির্দেশে এবং কার অনুমতিতে গভীর রাতে একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ প্রবেশ করেছিল? কোনো আইনি এখতিয়ার ও প্রশাসনিক অনুমতি ছাড়া নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, শারীরিক নির্যাতন ও হেনস্তা চালানো হলো কেন?
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে জবাবদিহি দাবি করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

