কাগজে কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন

পরিবেশকর্মী তাপস দাশ বলেন, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠনে পরিবর্তন আসতে পারে। এতে তীরভাঙন, কৃষিজমির ক্ষয়, সড়ক ও সেতুর ভিত্তি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বসতবাড়ি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
চলতি বছরের আগস্ট থেকে ২ নভেম্বর পর্যন্ত সময়ে ১৮টি অভিযানে জরিমানা, কারাদণ্ড ও বালু জব্দ করা হলেও বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বালু উত্তোলনকারী চক্র। স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষে অল্প কিছু টাকা জরিমানা গুনে শক্তিশালী ওই চক্রগুলো আবারও শুরু করে বালু তোলা। এতে সরকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসনের তথ্য বলছে, ২০২৬ সালের আগস্ট থেকে ২ নভেম্বর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে ১৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালু নিলামে বিক্রি করে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা রাজস্ব আয় হয়েছে।

