যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করা মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করার জন্য সামাজিক যুদ্ধ, আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।
মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়। মানব পাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গভীরভাবে কাজ করে যাচ্ছি। কারণ, মানব পাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গা নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে। যেসব রুটে তাঁরা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে-সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি যে-কীভাবে এই মানব পাচারকারীদের আইনের আওতায় আনা যায় এবং কঠোরতম সাজা দেওয়া যায়।’

