স্ত্রী ঘুমান পাশের রুমে, ছাত্রকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

সিলেটের কোম্পানীগঞ্জে পাশের ঘরে ঘুমান স্ত্রী, তবু ১৫ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ইমামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমামের নাম হাফেজ মুফতি নোমান বিন রব্বানী (৩৫)। তিনি উপজেলার বটেরতল গ্রামের বাসিন্দা। তিনি টুকেরবাজার মসজিদে ইমামতির পাশাপাশি দক্ষিণ বুড়দেও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চালের বস্তা ও বাজারের ব্যাগ বহনে সাহায্যের কথা বলে ওই ছাত্রকে নিজের বাড়িতে নিয়ে যান মুফতি নোমান। বাড়িতে পৌঁছে তিনি নিজের স্ত্রীর সঙ্গে না ঘুমিয়ে ছাত্রটিকে নিয়ে আলাদা একটি কক্ষে ঘুমান। গভীর রাতে ছাত্রটিকে শরীর ও পা টিপে দিতে বলেন এবং একপর্যায়ে রাত ৩টার দিকে তাকে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়।
পরদিন শুক্রবার সকালে ভুক্তভোগী বালকটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি বিস্তারিত জানায়। এরপর তার মা স্থানীয় মুরুব্বিদের বিষয়টি অবগত করেন এবং আজ (শনিবার) কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

