পানি প্রবাহ নেই, তবু সড়ক কেটে নির্মাণ হচ্ছে কালভার্ট

এ ছাড়া সড়ক প্রশস্ত করতে গিয়ে স্থানীয়দের রেকর্ডভুক্ত জমির একাংশ সড়কের আওতায় চলে যাওয়ার অভিযোগও উঠেছে। এতে জমির মালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর সীমান্তের ট্যাকেরঘাট থেকে কড়ইগড়ামুখী সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ চলছে। রাজাই গ্রামের অংশে সড়কের দুই পাশে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। এরই মধ্যে একটি স্থানে বিটুমিনের আস্তরণ কেটে বড় গর্ত করা হয়েছে। কোথাও কালভার্ট নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়েছে, আবার কোথাও সড়কের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, কালভার্টগুলোর সামনে ও পেছনে খাল খনন করে দেওয়া হবে, যাতে কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হতে পারে।
চানপুর গ্রামের বাসিন্দা ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মহিউদ্দিন বলেন, যেখানে সড়ক কেটে নতুন কালভার্ট নির্মাণ করা হচ্ছে, সেখানে আগে কোনো পানিপ্রবাহের পথ ছিল না। এখানে কালভার্ট নির্মাণের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এখন কালভার্ট নির্মাণের ফলে বর্ষায় পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ির ক্ষতি হতে পারে।
রাজাই গ্রামের বাসিন্দা দানিয়াল ম্রু বলেন, যেখানে নতুন কালভার্ট নির্মাণ করা হচ্ছে, সেখানে আগে কোনো ছড়া বা খাল ছিল না। এখন নতুন করে কালভার্ট নির্মাণ ও খাল খনন করা হবে বলে জানতে পেরেছি। কিন্তু যে জায়গা দিয়ে খাল খনন করতে চাচ্ছে, সেটি আমাদের ফসলি জমি। জমির বৈধ কাগজপত্র রয়েছে এবং আমরা নিয়মিত খাজনা পরিশোধ করি। এই জমিতে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করি। ফসলি জমি কেটে খাল তৈরি করা হলে আমরা চাষাবাদ থেকে বঞ্চিত হব।
এলাকার বাসিন্দা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও পরিবেশকর্মী এন্ডো জুয়েল সলোমার বলেন, প্রয়োজনীয়তা যাচাই না করেই, আগে থেকেই সেতু-কালভার্ট থাকার পরও নতুন করে অপ্রয়োজনীয় সেতু-কালভার্ট নির্মাণের মাধ্যমে সরকারি বিপুল অর্থ অপচয় করা হচ্ছে। সড়কটি প্রশস্ত করা হলে আমাদের অনেকের রেকর্ডভুক্ত জমি সড়কের আওতায় চলে যাবে। শুধু ব্যক্তি মালিকানাধীন জমিই নয়, বিভিন্ন মিশন, মাদ্রাসা ও চার্চের জমিও সড়কের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমিতে সড়ক প্রশস্ত করা হলেও অধিগ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছি।
এ বিষয়ে এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সড়কের জন্য ম্যাপে ৪৮ ফুট জায়গা উল্লেখ রয়েছে। সড়কটি ২৬ ফুট প্রশস্ত হবে। এরপরও এলজিইডির নিজস্ব জায়গা থাকবে। যারা ব্যক্তিগত জমি দাবি করছেন, তাদের অধিকাংশই মূলত না জেনে এসব কথা বলছেন। সড়কটিতে নতুন করে তিনটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা ছিল। স্থানীয়দের আপত্তির পর একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন দুটি নতুন কালভার্ট নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয়তা রয়েছে বলেই কালভার্ট নির্মাণ করা হচ্ছে। বর্ষায় আকস্মিক পাহাড়ি ঢল নামলে পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। কালভার্ট নির্মাণ করা হলে পানি চলাচলের সহজ পথ তৈরি হবে। পর্যাপ্ত কালভার্ট না থাকলে পানির চাপে সড়ক ভেঙে যেতে পারে। পানিপ্রবাহ ও ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় নিয়েই কালভার্ট নির্মাণ করা হচ্ছে।

