সিলেটে হামের আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২১

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফ আহমেদ (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকার হাফিজ আলীর ছেলে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।
মৃতদের মধ্যে সর্বোচ্চ ৮৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ২২০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছেন।

