পানি নেই মনিরামপুর উপজেলা পরিষদ ভবনে, ভোগান্তিতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

প্রশিক্ষণের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘উপজেলা পরিষদ ভবনে পানির সংকটের বিষয়টি আগে জানা ছিল না। সকালে প্রশিক্ষণ শুরুর পর বিষয়টি জানতে পারি। প্রশিক্ষণার্থীদের প্রয়োজনে আমার দপ্তরের ওয়াশরুম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার সকালেও পানি না পাওয়া গেলে অন্য স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
উপজেলা পরিষদের পাঁচতলা ভবনে উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন, হিসাবরক্ষণ, সমবায়, যুব উন্নয়ন ও মৎস্য কর্মকর্তার দপ্তরসহ অন্তত সাতটি দপ্তর রয়েছে। ভবনের প্রতিটি স্তরে পৃথক ওয়াশরুমের পাশাপাশি কর্মকর্তাদের কক্ষেও রয়েছে আলাদা ওয়াশরুম। কিন্তু পানি সরবরাহ বন্ধ থাকায় এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটিতে পানির সংকট নতুন নয়। মাঝেমধ্যেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে ইউএনও কার্যালয়ে একাধিকবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান বলেন, শুধু আজ নয়, গত সপ্তাহেও ওয়াশরুমে পানি পাওয়া যায়নি।

