বাড়িতে একা বৃদ্ধা, ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে লুট ১০ লাখ টাকা

বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ ছিটিয়ে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় আড়াই মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে মাত্র ১৭ মিনিটে চক্রটি ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে একা থাকা বৃদ্ধার ওপর ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত বলে উল্লেখ করা চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করা হয়। পরে ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে ওয়াসিফ বিল্লাহ কুষ্টিয়া সদর থানায় মামলা করেন। মামলায় নাঈম হোসেন, পারভীনা খাতুন, মো. ইদাদুল, মো. মনিরুল ইসলাম ও সাবিনা গণপতসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
মামলাটির তদন্তের দায়িত্ব পান কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) বাদশাহ মিয়া। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই অভিযানে মামলার এজাহারনামীয় আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইদাদুল এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির সূত্র ধরে একই দিন বিকেল ৫টার দিকে ইদাদুলের দেখানো মতে তার নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

