চার হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না বড় ছেলেকে, আইসিইউতে লড়ছে ছোটটিও

পরিবার সূত্রে জানা যায়, হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ আরাফাতের প্রায় ১৮-২০ দিন আগে জ্বর, বমি ও কাশি শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসার পর মেরিন সিটি হাসপাতালে এবং পরবর্তীতে ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানকার ব্যয় বহন করতে কষ্ট হওয়ায় সোমবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবশেষে ৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। ওই দিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
বড় ছেলেকে হারানোর ক্ষত না শুকাতেই ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করও আক্রান্ত হয়েছে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায়। তাকেও তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়ার পর গতকাল ৭ নভেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বাবা মোহাম্মদ কবীর বলেন, ‘আজ সকালে আমার ছোট ছেলেটিকে দেখেছি। সে লাইফ সাপোর্টে আছে। চিকিৎসকরা কোনো আশা দিতে পারছেন না। আমি দেখছি আমার বাচ্চাটা কথা বলতে বা নড়াচড়া করতে পারছে না, শুধু নিস্তব্ধ হয়ে পড়ে আছে। একজন বাবা আর কত সহ্য করতে পারে? আমি মাত্রই এক সন্তানকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না।’
দুই সন্তানের চিকিৎসায় ইতোমধ্যে নিজের সব সঞ্চয় শেষ করেছেন কবীর। আত্মীয়স্বজন ও সহকর্মীদের কাছ থেকেও ঋণ নিয়ে খরচ করেছেন আড়াই থেকে তিন লাখ টাকার বেশি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পিআইসিইউ প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম বলেন, ‘দুই শিশুকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কোনো শিশু একইসঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে তার শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিকমতো কাজ নাও করতে পারে। আবু বকরের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। চিকিৎসক হিসেবে তাকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১টি শিশু রয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনাগুলো স্বাস্থ্য খাতের সক্ষমতা ও শিশু সুরক্ষার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

