দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সংরক্ষিত আসনের সাংসদের গাড়িবহরে হামলা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই পক্ষের কর্মসূচি শেষে মঞ্জুরুল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর সমর্থকেরা র্যালি নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে নিউমার্কেট কলেজ রোডের পশু হাসপাতাল গেট এলাকায় তাঁদের সঙ্গে রাশেদা বেগম হীরার গাড়িবহরের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় মুন্সী সমর্থকেরা স্লোগান দিয়ে গাড়িবহর আটকে দেন। এতে সংসদ সদস্য হীরাসহ বহরে থাকা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতিতে তারেক মুন্সীসহ দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় গাড়িবহরটি সেখান থেকে বের করে দেওয়া হয়।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, তাঁর সামনেই দুই পক্ষের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির আয়োজনে অংশ নিয়ে ফেরার পথে মুন্সী পক্ষের নেতা-কর্মীরা তাঁদের অবরুদ্ধ করেন। এ সময় কয়েকজনকে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানাবেন বলে জানান তিনি।

