চার মাসের শিশু চুরি করে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১

দিনাজপুরের পার্বতীপুরে চার মাস বয়সি শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগে দায়ের করা মানবপাচার মামলায় মো. মিলন (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩ এ তথ্য জানায়। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন হাতীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলন নিউটাউন সাতমাথা এলাকার মনজুর আলীর ছেলে। তিনি এ মামলার ২ নম্বর আসামি।
বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ৩ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় শিশুটির নানাবাড়িতে ঘরের বাঁশের বেড়া কেটে তাকে চুরি করা হয়। এ সময় শিশুটির মা চিৎকার শুরু করলে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিশুটির মামা মো. জিয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অজ্ঞাতনামা ৫-৬ জনের সহযোগিতায় পাচারের উদ্দেশ্যে শিশুটিকে চুরি করে মো. মিলনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

