জামিন পেলেন ছাত্রলীগ নেতা প্রিন্সের ১৪ বছর বয়সি বোন

পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সি ছোট বোন জামিন পেয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশের ওপর হামলার (অ্যাসল্ট) মামলায় গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), ছোট বোন (১৪) এবং প্রিন্সের চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।
পরদিন ১ নভেম্বর প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় প্রিন্সের বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ নভেম্বর তার মা শামী আক্তার পলিও আদালত থেকে জামিন পান এবং কারামুক্ত হন।

