টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় ৩ মামলায় আসামি ৯৫

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ের মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর তিনটি মামলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া মানবপাচার ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। সব মিলিয়ে তিন মামলায় ৯৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে মোহাম্মদ নামের এক রোহিঙ্গাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৭ জনকে। মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনার দিন যৌথবাহিনীর অভিযানের সময় পালানোর চেষ্টার সময় প্রধান আসামি মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও এর সঙ্গে কয়েকজন বাংলাদেশি নাগরিকও জড়িত রয়েছেন। এজাহারভুক্ত ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন। মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৭ জনকে আসামি করা হয়েছে।

