পুলিশের আশ্বাসে সাত ঘণ্টা পর জুলাই যোদ্ধাদের অনশন প্রত্যাহার

ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগর স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাসে সাত ঘণ্টা পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। এর আগে এদিন সকাল ৯টা থেকে শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মোড়ে সাগর স্মৃতিস্তম্ভের সামনে আমরণ অনশন শুরু হয়।
অনশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সমন্বয়ক ও সদস্য সচিব আলী হোসেন বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। পুলিশের আশ্বাসে আপাতত অনশন প্রত্যাহার করেছি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা আন্দোলন করতে বাধ্য হবো।
পুলিশ জানায়, রোববার রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত শহীদ সাগর চত্বরে স্মৃতিস্তম্ভে একটি টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়। আগুন ও কালিতে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়। পরে ঘটনাটি পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এসময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও।

