প্রতিষ্ঠান না খুললে হত্যা, আর নাম বললে চলবে গুলি

ভুক্তভোগী সুজাত আহমেদ জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে তাঁর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ‘বি কোম্পানি’ পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ সকালে তিনি বলেন, পরিচিতদের বাইরে অন্য কারও ফোন ধরছেন না। ভয়ে থানায় লিখিত অভিযোগও করেননি। গত ৫ নভেম্বর খুলনা মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর পদ থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান তিনি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গত ৭ নভেম্বর দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, সন্ত্রাসী নূর আজিমের অনুসারীরা এ হামলা চালায়। এরপর থেকেই তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে।

