নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলা, লুটের অভিযোগ

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত শ্রমিক সংগঠনের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারীদের মারধর ও নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আয়ভিনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আয়ভিনা বেগমের ভাই মো. রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক। তিনি সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এরই অংশ হিসেবে গত ৩০ অক্টোবর রাতে হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন ডাকাত এবং নাজিম মোল্লা ওরফে নাজিম ডাকাতের নির্দেশে এ হামলা হয়েছে বলে দাবি করেন তারা।
আয়ভিনা বেগম অভিযোগ করেন, সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজন ডাকাতের নেতৃত্বে একদল লোক রাজিব উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। হামলাকারীরা তাদের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।

