ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নূর

পরিবারের চাপে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মাদ্রাসার সুপার ঘোষণা দিয়েছেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে বিয়ের আয়োজন বন্ধ করে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এসময় তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপ ও জনপ্রতিনিধির এমন আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছে ঝুমুর ও তার পরিবার।
ঝুমুর আক্তার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল ১। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনার প্রতি ঝুমুরের প্রবল আগ্রহ রয়েছে। প্রতিদিনের পড়া নিয়মিত প্রস্তুত করে আসে। একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।
জানা গেছে, ঝুমুরের মতামত উপেক্ষা করে পরিবারের সদস্যরা তার বিয়ের আয়োজন করেন। ৯ নভেম্বর বিয়ের দিনও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ৮ নভেম্বর পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর লিখিত আবেদন করে ঝুমুর।

