ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে কাশবনের নির্জন স্থানে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের প্রায় ছয় বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ ঘটনায় দায়ের করা মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস সিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনের ভেতরে ওই তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।

