বগুড়ায় চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে। এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ‘বিসমিল্লাহ হোটেল’কে ১ লাখ টাকা এবং একই আইনের ৩৩ ধারায় ‘গ্রামীণ ফুডস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ‘মৌবন ফুডস’কে ৫ হাজার টাকা এবং ‘হোটেল স্টার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের পর প্রতিষ্ঠানগুলোর মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনে নানা অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নিরাপত্তার দায়িত্ব পালন করে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

