গাজীপুরে আজমেরী পরিবহনের ২ বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন বাস দুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজলী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অপর বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় বাসটির আগুনও নিয়ন্ত্রণে আনেন।

