ঢাকার মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়। অল্প সময়ের ব্যবধানে একাধিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ধোঁয়ায় স্টেশনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, স্টেশনের নিচে আগুন লাগার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার কিছু পর থেকে স্টেশনের কার্যক্রম আবার চালু করা হয়।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আগুন নিভে গেলে যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ডিএমপির শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পোস্তগোলা সেতুতে এমন একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

