রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম বড় মসজিদ মোড় এলাকায় বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে ঘটনাস্থলে দুটি ককটেল দেখতে পান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলাম বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর ওয়াশরুমে থাকার সময় খবর পান যে, তার চেম্বারের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। দ্রুত নিচে নেমে এসে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

