তদন্তে সত্যতা: ২ টন পচা ইলিশ আসে ঘাটে, বিক্রিও হয়

পটুয়াখালীর কলাপাড়া ও ভোলার চরফ্যাশনে ট্রলারবোঝাই পচা অবস্থায় ঘাটে নিয়ে আসা সেই ৫০-৬০ মণ ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে শিকারের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো নিয়ে ঘাটে ফেরেন অসাধু জেলেরা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পচা মাছের একটি অংশ নোনা ইলিশ ব্যবসায়ীরা কিনে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
ইলিশ শিকারে নদীর পাশাপাশি সাগরেও নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে বরিশাল মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে তাদের নিয়ন্ত্রণ নেই।
গত ২৯ অক্টোবর রাতে এবং পরদিন ৩০ অক্টোবর সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্যঘাট এবং ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেরা ট্রলারবোঝাই পচা ইলিশ নিয়ে উপকূলে ফেরেন। গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এ ঘটনায় সে সময় মা ইলিশ রক্ষার অভিযান নিয়ে সমালোচনা এবং ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এ ঘটনায় মৎস্য অধিদপ্তরের নির্দেশে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

