স্বপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে সিআইডি

এর আগে ১ নভেম্বর রাজশাহীর আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে একটি পৃথক ও স্বতন্ত্র মিস মামলা খোলার জন্য নির্দেশ দেন। আদেশে আদালত ঘটনাটি নিয়ে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকায় ‘কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!’ শিরোনামে প্রকাশিত সংবাদটিরও উদ্ধৃতি দেন। সেদিন আসামি হাফিজুর রহমানের জামিনেরও আবেদন ছিল। শুনানির পর আদালত ১০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।
হাফিজুর রহমান রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবদল কর্মীকে চাঁদা না দেওয়ায় তিনি পুলিশকে দিয়ে তাঁকে (হাফিজুর) হয়রানি করছেন। এ জন্য গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ওসি মাহমুদুল হাসান বাড়ি থেকে ধরে এনে ২৬ জুন করা একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। অথচ তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।
এ মামলায় ২১ দিন কারাভোগের পর ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান। সেদিন কারাগার থেকে বেরিয়েছিলেন রাত ৯টা ৪৭ মিনিটে। একই দিন তানোর থানায় আরেকটি মামলায় আসামি করা হয় তাঁকে। এজাহারে বলা হয়, রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল হয় এবং সেই মিছিলে হাফিজুরও অংশ নেন। অথচ ওই সময় তিনি কারাগারে ছিলেন।

