কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
গতকাল সোমবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম ও কারখানা স্থানান্তর নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় গুরুত্ব পায়। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানান্তর কার্যক্রম নির্বিঘ্ন করতে ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভায় মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো তৈরি করলে এ ধরনের শিল্পপার্কের সফলতা নিশ্চিত হয় না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা ঠিক হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

