কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ৪টি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে আছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব এলাকায় অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

