ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে এর ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তাঁর একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার বলেন, ‘যারা মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তারা মানুষ হতে পারে না। আমাদের শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কেন? সরকার আমাদের কেন নিরাপত্তা দিতে পারছে না? আমরা সরকারের কাছে আমাদের ভাই হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

