গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি

অন্যদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তাঁরা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যায়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

