রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের বিকল্প গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি দেখতে পান এক পথচারী। পরে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয় বিকল্প মসজিদ গেট।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর প্রায় পাঁচ মিনিট পর বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকল্প মসজিদ গেট দিয়ে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হয়।
ঘটনার সময় ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন মন্ত্রী। তাকে বিষয়টি জানানোর পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের বিকল্প গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

