হাবিপ্রবিতে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিংকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার খেলায় জয়লাভ করে কৃষি অনুষদ। খেলা শেষে কৃষি অনুষদের শিক্ষার্থীরা মাঠের এক পাশে বিজয় উদযাপন করছিলেন। অন্যদিকে মাঠের অপর পাশে অবস্থান করছিলেন পরাজিত দলের শিক্ষার্থীরা। এসময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের উদ্দেশে স্লেজিং ও অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

