একসঙ্গে ৫ ছানার জন্ম দিল দেশি ছাগল

তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তার ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে ঘরে গিয়ে দেখেন সেটি বাচ্চা দিচ্ছে। কিছু সময়ের ব্যবধানে চারটির জন্ম হলে তারা মনে করেছিলেন আর বাচ্চা হবে না। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চার ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।
ঘটনাটিকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, সাধারণত একটি ছাগল একসঙ্গে দুই থেকে চারটি ছানার জন্ম দেয়। পাঁচটি ছানার জন্ম তুলনামূলক বিরল। এ ধরনের ছাগল পরিকল্পিতভাবে লালন-পালন ও সঠিক পরিচর্যা করা গেলে খামারিরা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হতে পারেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার ঘটনা সচরাচর দেখা না গেলেও এটি একেবারেই অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।
তিনি আরও জানান, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর সঠিক পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রতিটি বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে।

