জেলা ঘোষণার ৪৩ বছর পর খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম চালু

খাগড়াছড়িকে পার্বত্য জেলা হিসেবে ঘোষণার ৪৩ বছর পর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেজারি কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের ৬৪তম জেলা হিসেবে খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম শুরু হয়েছে ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় ক্যাম্পাসে নবনির্মিত ট্রেজারি ভবন ও ট্রেজারি কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, দীর্ঘদিন নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম না থাকায় ট্রেজারি সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে জেলার সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে জেলার বাইরে রাঙামাটি বা ফেনীতে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক ও ব্যবহারিক নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হতো তাদের। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ থেকে সেই ভোগান্তির অবসান হয়েছে।
তিনি আরও বলেন, গত সাত মাসে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তার কার্যালয়ের কর্মকর্তাদের নিরলস, একান্তিক ও অব্যাহত প্রচেষ্টায় ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে জেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় নতুন দিগন্তের উন্মোচন হলো।

